সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নেপালকে হারিয়ে সেরা হয়েই ফাইনালে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:৪২ পিএম

নেপালকে হারিয়ে সেরা হয়েই ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দাপট বজায় রেখে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই ফাইনালে পা রাখল বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের ফলে রাউন্ড রবিন লিগ পদ্ধতির প্রাথমিক পর্বের তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। খেলার শুরুতেই প্রতিমা মুন্দার গোলে লিড পায় দল। পরবর্তীতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নজরকাড়া ফুটবল খেলে নেপালের রক্ষণভাগ তছনছ করে দেন আলপি আক্তার। 

দুর্দান্ত নৈপুণ্যের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলার কিশোরীরা।

টুর্নামেন্টের পয়েন্ট তালিকা অনুযায়ী, ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রথম এবং ৬ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই ফুটবল পরাশক্তি বাংলাদেশ ও ভারত। পোখারা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।