ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:০৩ পিএম
আইপিএল ঘিরে চলমান অনিশ্চয়তা ও রাজনৈতিক বিতর্কের পর অবশেষে নতুন ঠিকানা খুঁজে পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এই কাটার মাস্টারকে। বৃহস্পতিবার দুপুরে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে মুস্তাফিজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স জানিয়েছে যে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজকে তাদের পরিবারের সদস্য করে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বাংলাদেশি এই পেসারকে স্বাগত জানিয়ে লিখেছে ‘একবার কালান্দার, সবসময় কালান্দার’।
উল্লেখ্য যে মুস্তাফিজুর রহমান এর আগে ২০১৬ ও ২০১৮ সালেও লাহোর কালান্দার্সের স্কোয়াডে ছিলেন। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার মাত্র তিন দিনের মাথায় পিএসএলে তার খেলার বিষয়টি নিশ্চিত হয়েছিল।
ভারতের রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে যখন ক্রিকেট বিশ্বে নানা আলোচনা চলছে ঠিক তখনই পাকিস্তান সুপার লিগ তাকে বড় অংকের চুক্তিতে লুফে নিল। পিএসএলের ইতিহাসে লাহোর কালান্দার্স অন্যতম সফল দল এবং তারা এবারও শিরোপা ধরে রাখতে বিদেশি পেস আক্রমণে মুস্তাফিজের ওপর ভরসা রাখছে। এর আগে গত আসরে এই দলের হয়ে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত পারফর্ম করেছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন