রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেসির গোলে বার্সেলোনাকে হারাল ইন্টার মায়ামি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:২৭ এএম

মেসির গোলে বার্সেলোনাকে হারাল ইন্টার মায়ামি

প্রাক-মৌসুম সফরে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স সত্ত্বেও জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি। ইকুয়েডরের অন্যতম শক্তিশালী ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ফ্লোরিডার দলটি। রোববার বাংলাদেশ সময় ভোরে ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত এই ম্যাচে সবার নজর ছিল আর্জেন্টাইন মহাতারকা মেসির ওপর। তিনি হতাশ করেননি সমর্থকদের। 

ম্যাচের ৩১তম মিনিটে মাঝমাঠ থেকে একাই বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করে জোরালো বাঁ পায়ের শটে বল জালে জড়ান মেসি। ২০২৬ সালে এটি তার প্রথম গোল যা দেখে গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শক উল্লাসে ফেটে পড়েন।

তবে মায়ামির এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ মিনিট পরেই ম্যাচে ফেরে বার্সেলোনা এসসি। ৪১তম মিনিটে জোয়াও রোহাস গোল করে দলকে সমতায় ফেরান। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মায়ামি আবারও এগিয়ে যায় মেসির বুদ্ধিদীপ্ত ফুটবল নৈপুণ্যে। মেসির বাড়ানো এক নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন জার্মান বেরতেরামে। 

মন্টেরেই থেকে বড় অঙ্কের বিনিময়ে মায়ামিতে যোগ দেওয়ার পর বেরতেরামের এটিই প্রথম গোল। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কোচ হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। ম্যাচের দ্বিতীয়ার্ধেও মায়ামি আধিপত্য বজায় রাখলেও মেসির অনুপস্থিতিতে আক্রমণের ধার কিছুটা কমে যায়।ম্যাচের ৬০তম মিনিটে মাশ্চেরানো কৌশলগত কারণে মেসিকে তুলে নিয়ে মাঠে নামান লুইস সুয়ারেজকে। 

সুয়ারেজ মাঠে আসার পর কয়েকবার সুযোগ পেলেও জালের দেখা পাননি। উল্টো ম্যাচের শেষ দিকে ৮৭তম মিনিটে মায়ামির বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় দলটি। একজন খেলোয়াড় কম থাকার সুযোগটি দারুণভাবে কাজে লাগায় বার্সেলোনা এসসি। তোমাস মার্তিনেজ গোল করে ম্যাচটিকে ২-২ সমতায় নিয়ে আসেন। প্রাক-মৌসুম এই সফর মায়ামির জন্য গুরুত্বপূর্ণ কারণ আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এমএলএসের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হওয়ার আগে দলের শক্তি ও দুর্বলতা ঝালিয়ে নিতেই এই ব্যস্ত সূচি পালন করছে তারা।