বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে ৩ শর্ত দিল পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:০৪ এএম

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে ৩ শর্ত দিল পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ, পাকিস্তান এবং আইসিসি-র মধ্যকার টানাপোড়েন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আইসিসি-র একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে শক্ত অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পিসিবি এবার আইসিসি-র সামনে তিনটি সুনির্দিষ্ট শর্ত রেখেছে। 

বোর্ড সূত্র জানিয়েছে, এই দাবিগুলো মেনে না নিলে পাকিস্তান ভারতের বিপক্ষে নির্ধারিত হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে।মূল ঘটনার সূত্রপাত হয় যখন ভারত সফরে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভেন্যু পরিবর্তনের দাবি জানায় বাংলাদেশ। 

আইসিসি সেই দাবি নাকচ করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই সরিয়ে দেয়। এর পরপরই পিসিবি বাংলাদেশের সমর্থনে সরব হয় এবং আন্তর্জাতিক মঞ্চে বৈষম্যের প্রতিবাদ জানায়। লাহোরে আইসিসি কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে পিসিবি তিনটি শর্ত পেশ করে। যার প্রথমটি হলো, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। 

দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশকে তাদের প্রাপ্য পূর্ণ অংশগ্রহণ ফি পরিশোধ করতে হবে এবং তৃতীয়ত, ভবিষ্যতে একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের একক স্বত্ব বাংলাদেশকে প্রদান করতে হবে।পিসিবি প্রধান মহসিন নাকভি এই দাবিগুলোতে কঠোর অবস্থানে রয়েছেন। যদিও আইসিসি এই অনড় অবস্থানের জন্য পাকিস্তানকে শাস্তিমূলক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে, তবুও পিসিবি তাদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। 

বোর্ডের কিছু কর্মকর্তা ভারতের বিপক্ষে খেলার পক্ষে থাকলেও মহসিন নাকভি রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রাধান্য দিচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ সোমবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন। এই বৈঠকের ওপরই নির্ভর করছে বিশ্বকাপের ভবিষ্যৎ এবং ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য। বাংলাদেশের স্বার্থ রক্ষায় পাকিস্তানের এই নজিরবিহীন কূটনৈতিক লড়াই বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।