মার্চ ৮, ২০২৬, ০৯:১৪ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ ব্যাটিং তাণ্ডব চালিয়ে ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন। ইনিংসের ১৬তম ওভারে জেমস নিশামের করা প্রথম বলে লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ৮৯ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৫টি চারের মার।
এই ইনিংস খেলার পথেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক বনে গেছেন স্যামসন। তিনি নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের ২০টি ছক্কার রেকর্ড ভেঙে নিজের ছক্কার সংখ্যা নিয়ে গেছেন ২৪-এ।
স্যামসনের আগে বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নেন অন্য ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি এই অর্ধশতক পূর্ণ করেন। তবে ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি তিনি। ইনিংসের অষ্টম ওভারে রাচিন রবীন্দ্রর বলে তুলে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন অভিষেক।
উইকেটকিপার টিম সাইফার্ট সহজ ক্যাচটি লুফে নিলে ২১ বলে ৫২ রানের এক দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে।অভিষেক ও স্যামসনের এই উদ্বোধনী জুটিতে আসে ৯৮ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এর আগে কোনো ওপেনিং জুটিতে পঞ্চাশ রানের বেশি দেখা যায়নি। তাদের এই রেকর্ড ভাঙা উদ্বোধনী জুটির ওপর ভর করেই ফাইনালে বড় সংগ্রহের ভিত পায় দল। যদিও স্যামসনের বিদায়ে ইনিংসের ছন্দ কিছুটা ব্যাহত হয়, তবুও তাদের গড়া বিশ্বরেকর্ডগুলো ম্যাচটিতে আলাদা মাত্রা যোগ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন