শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফাইনালে বড় পুঁজি ভারতের

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৯:৩৫ পিএম

ফাইনালে বড় পুঁজি ভারতের

ব্যাটিং তাণ্ডবে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ২৫৬ রানের এক বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত। শিরোপা জিততে হলে ব্ল্যাক ক্যাপসদের এখন টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম কঠিন লক্ষ্য তাড়া করে নতুন ইতিহাস গড়তে হবে। আজ রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে ভারতীয় ব্যাটারদের। 

সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এই রেকর্ড সংগ্রহ গড়ে টিম ইন্ডিয়া।

ইনিংসের শুরুতেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা মাঠের চারদিকে চার-ছক্কার বৃষ্টি নামান। মাত্র ২১ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে তিনি দলের বড় সংগ্রহের মজবুত ভিত গড়ে দেন। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ইশান কিশানও সেই ধারা বজায় রাখেন। ২৫ বল খেলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৪ রানের একটি কার্যকর ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। 

ভারতের স্কোরবোর্ডকে পাহাড়সম উচ্চতায় নিয়ে যেতে মূল কারিগরের ভূমিকা পালন করেন সাঞ্জু স্যামসন। টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে থাকা এই ব্যাটার আজ ৪৬ বলে ৮৯ রানের এক অপরাজিত ইনিংস খেলেন, যা ৫টি চার ও ৮টি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো ছিল।নিউজিল্যান্ডের বোলারদের ওপর শুরু থেকে শেষ পর্যন্ত দাপট বজায় রেখে ভারত এই বড় পুঁজি সংগ্রহ করেছে। 

এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড, তবে সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের শিরোপার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এবার সেই আক্ষেপ মোচনের বড় সুযোগ থাকলেও ভারতের দেওয়া এই বিশাল রান তাড়া করা কিউইদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের হাই-স্কোরিং ম্যাচে ভারতীয় বোলাররা এই রান কতটুকু ডিফেন্ড করতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।