মার্চ ৯, ২০২৬, ০৪:০৬ পিএম
অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। `বি` গ্রুপের এই তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র্যাঙ্কিংয়ে ৪৯তম অবস্থানে থাকা শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই কিছুটা চাপে ছিল ১১২তম অবস্থানে থাকা বাংলাদেশ।
তবে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কোচ পিটার বাটলারের শিষ্যদের সামনে। ম্যাচের মাত্র ১০ মিনিটেই রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করে নেয় উজবেক মেয়েরা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করে উজবেকিস্তান। ম্যাচের দশম মিনিটে খাবিবুল্লায়েভা চমৎকার ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন।
গোল হজম করার পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রতিপক্ষের শারীরিক ফুটবল ও গতির কাছে বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে ২৩ মিনিটে মারিয়া মান্ডার অসাধারণ একটি ট্যাকেল নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করে। প্রথমার্ধের বাকি সময় উজবেকরা বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও বাংলাদেশ পাল্টা আক্রমণের মাধ্যমে সুযোগ খোঁজার চেষ্টা চালিয়ে গেছে।
এই ম্যাচে পিটার বাটলার তার একাদশে তিনটি পরিবর্তন এনেছিলেন। প্রথমবারের মতো মূল একাদশে সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। খেলার ৩১ মিনিটে ঋতুপর্ণা চাকমা গোলের একটি দারুণ সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। বিরতির ঠিক আগ মুহূর্তে ৪২ মিনিটে তহুরার সামনেও সুযোগ এসেছিল সমতা ফেরানোর, কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধায় তা সফল হয়নি। ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দলের জন্য দ্বিতীয়ার্ধ হবে বড় চ্যালেঞ্জের। এখন দেখার বিষয় কোচ বাটলার তার কৌশলে পরিবর্তন এনে দলকে ম্যাচে ফিরিয়ে আনতে পারেন কি না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন