রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গোলহীন মেসি, ড্র নিয়ে মাঠ ছাড়ল মায়ামি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১০:৫৫ এএম

গোলহীন মেসি, ড্র নিয়ে মাঠ ছাড়ল মায়ামি

ম্যাচ শেষে মেসি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলে এসসি’র বিপক্ষে ড্র করে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে গোলহীন ছিলেন বিশ্বসেরা তারকা লিওনেল মেসি। ন্যাশভিলের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় শেষ হয়। 

এই ফলের কারণে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কোন দল উঠবে, তা এখন নির্ধারিত হবে দ্বিতীয় লেগের ম্যাচে। মায়ামির ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে আবারও একই প্রতিপক্ষের মুখোমুখি হবেন মেসি ও তার সতীর্থরা।

পুরো ম্যাচে হ্যাভিয়ের মাশ্চারানোর শিষ্যরা বল দখলে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ইন্টার মায়ামি ৫৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। তবে প্রতিপক্ষের গোলমুখে তারা কার্যকর আক্রমণ শাণাতে ব্যর্থ হয়েছে। পুরো ম্যাচে মায়ামি মাত্র ৫টি শট নিতে সক্ষম হয়, যার মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ন্যাশভিলে এসসি ১১টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল অন টার্গেট। 

লিওনেল মেসি ম্যাচে মাত্র একটি শট নিতে পেরেছিলেন এবং তার পাসের সফলতার হার ছিল ৭৯ শতাংশ। ম্যাচের ৫৫তম মিনিটে মেসির বাঁ দিক থেকে নেওয়া একটি দুর্দান্ত শট রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক।ম্যাচের দ্বিতীয়ার্ধে ন্যাশভিলে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল। 

বিশেষ করে ৬৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে রিড বেকার-হোয়াইটিংয়ের হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে গেলে নিশ্চিত গোল থেকে রক্ষা পায় সফরকারী মায়ামি। গোলশূন্য ড্র হওয়ার ফলে দ্বিতীয় লেগের লড়াইটি এখন দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। ঘরের মাঠে মেসিরা নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পেয়ে শেষ আটে জায়গা করে নিতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।