মার্চ ১৩, ২০২৬, ১২:০৫ পিএম
ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ প্রথমবারের মতো দল পাওয়ার গৌরব অর্জন করেছেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে এই আসরের নিলাম থেকে সরাসরি দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এক লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকারও বেশি।
এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে দলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই ঐতিহাসিক নিলাম থেকেই সুযোগ পেলেন বাংলাদেশের এই তারকা পেসার।
নিলামে মুস্তাফিজের পাশাপাশি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তালিকায় ছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। তবে নিলামের শেষ পর্যন্ত তাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। আগামী ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দ্য হানড্রেডের নতুন মৌসুম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই আসরে মুস্তাফিজ ও রিশাদ ছাড়াও বাংলাদেশের মোট ২৩ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছিলেন। তবে চূড়ান্তভাবে ড্রাফট থেকে কেবল মুস্তাফিজুর রহমানকেই বেছে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।বর্তমানে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। ভারতের আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার পর তিনি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
বার্মিংহাম ফিনিক্সে মুস্তাফিজের সতীর্থ হিসেবে থাকছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা। এই দলে রয়েছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার মতো ক্রিকেটাররা। দ্য হানড্রেডে খেলার সুযোগ পাওয়ার মাধ্যমে মুস্তাফিজের ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যুক্ত হলো যা দেশের ক্রিকেটের জন্যও একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন