রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত টাইগার একাদশ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০২:৩৩ পিএম

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত টাইগার একাদশ

টস জিতে ফিল্ডিংয়ে মিরাজ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার দুপুরে স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ দলে আজকের ম্যাচে কোনো পরিবর্তন আনা হয়নি। 

অর্থাৎ প্রথম ওয়ানডেতে জয়ী একাদশ নিয়েই আজ সিরিজ নিশ্চিত করতে লড়বে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার আবরার আহমেদের পরিবর্তে গতি তারকা হ্যারিস রউফকে দলে অন্তর্ভুক্ত করেছে সফরকারীরা।

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর আজ জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। গত বুধবার অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখে বড় জয় পেয়েছিল মিরাজের দল। 

আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য র‍্যাঙ্কিংয়ে উন্নতিরও বড় সুযোগ। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। আজকের ম্যাচে জয় পেলে রেটিং পয়েন্ট বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে আসবে। আর যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারে তবে রেটিং পয়েন্ট ৮১-তে পৌঁছাবে।বাংলাদেশ একাদশে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে থাকছেন সাইফ হাসান। 

মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়ের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। অলরাউন্ডার হিসেবে আফিফ হোসেন ও অধিনায়ক মিরাজের পাশাপাশি বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তরুণ গতি তারকা নাহিদ রানা। স্পিন বিভাগে মূল ভূমিকা পালন করবেন রিশাদ হোসেন। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। মাঠের কন্ডিশন ও শিশিরের প্রভাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ শুরুতে প্রতিপক্ষকে চাপে রাখতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে টসের সময় জানান অধিনায়ক।