মার্চ ১৬, ২০২৬, ০৪:০০ পিএম
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ তথা অঘোষিত ফাইনালে রোমাঞ্চকর জয় তুলে নেওয়ায় তিনি খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।
রোববার রাতে এক বিশেষ অভিনন্দন বার্তায় তিনি এই জয়ের গৌরব দেশবাসীর সাথে ভাগ করে নেন এবং টাইগারদের লড়াকু মনোভাবের প্রশংসা করেন।সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ।
মাঠের এই দুর্দান্ত পারফরম্যান্সকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে আমাদের তরুণ ক্রিকেটাররা সাহসিকতা ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই বিজয় ছিনিয়ে এনেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে চরম উত্তেজনার মাঝেও ধৈর্য না হারিয়ে দলগত প্রচেষ্টার মাধ্যমে জয় নিশ্চিত করা বর্তমান টাইগারদের সুদৃঢ় সংকল্পেরই প্রতিফলন।
প্রধানমন্ত্রীর মতে এই বিজয় প্রমাণ করে যে বাংলাদেশের ক্রিকেট এখন আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলা করার সক্ষমতা রাখে।বিবৃতিতে প্রধানমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন যে জাতীয় দলের এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে। তিনি মনে করেন ক্রিকেটে এমন অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক প্রেরণা হিসেবে কাজ করবে এবং ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই ওয়ানডে সিরিজ জয়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিজয়ের এই মুহূর্তে সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী এই আনন্দঘন মুহূর্তে খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত রাখতে তার নিরন্তর সমর্থন ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন