রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ১০:৪৩ এএম

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নেইমারের বিশ্বকাপ ভাগ্য

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফুটবলপ্রেমীদের জন্য এই ঘোষণার সবচেয়ে বড় খবর হলো দলের নিয়মিত তারকা ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের বাদ পড়া। অন্যদিকে ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের অধীনে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রতিভাবান তরুণ ফরোয়ার্ড এনড্রিক। 

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য এই ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত দল চূড়ান্ত করার আগে এটিই খেলোয়াড়দের যোগ্যতা প্রমাণের শেষ বড় সুযোগ।

নেইমারকে স্কোয়াডে না রাখা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন যে এই তারকা ফুটবলার এখনো পুরোপুরি ফিট নন। তার মতে নেইমার যদি তার শারীরিক সক্ষমতা শতভাগ ফিরে পান তবেই তাকে বিশ্বকাপের মূল দলে বিবেচনা করা হবে। আনচেলত্তি উল্লেখ করেন যে দলে ফিরতে হলে নেইমারকে নিয়মিত খেলা চালিয়ে যেতে হবে এবং তার কন্ডিশন বজায় রাখতে হবে। 

উল্লেখ্য যে ২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন এই ফরোয়ার্ড। সম্প্রতি ঘরোয়া লিগে একটি পুরো ম্যাচ খেললেও তার ফিটনেস নিয়ে কোচের সহকারীরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি।ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে অ্যালিসন, বেন্টো ও এদেরসনকে রাখা হয়েছে। ডিফেন্সের দায়িত্ব সামলাবেন অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলোর মতো অভিজ্ঞরা। 

মাঝমাঠে ক্যাসেমিরো এবং ফাবিনহোর মতো সিনিয়রদের পাশাপাশি তরুণদের সমন্বয়ে দল সাজানো হয়েছে। আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র এবং রাফিনহার সাথে এনড্রিকের উপস্থিতি দলের ভারসাম্য বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে যেখানে তাদের গ্রুপ সঙ্গী হিসেবে রয়েছে স্কটল্যান্ড ও হাইতি।