রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চীনকে হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ১০:২০ পিএম

চীনকে হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়া

উল্লাসে অস্ট্রেলিয়া দল

স্বাগতিক অস্ট্রেলিয়া নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে অজিরা ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে। ঘরের মাঠে এই জয়ের মাধ্যমে দীর্ঘ আট বছর পর মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালে ফিরল ম্যাটিল্ডাস খ্যাত দলটি। 

এই পরাজয়ের ফলে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চীনের দশম শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। খেলার ১৭ মিনিটে ক্যাটলিন ফোর্ডের দুর্দান্ত এক গোলে লিড নেয় স্বাগতিকরা। 

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ঝাং লিনিয়ান। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর বিরতির পর জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। খেলার ৫৮ মিনিটে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন অধিনায়ক স্যাম কার। 

প্রতিপক্ষের গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শককে উল্লাসে ভাসান তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে অজিরা।অস্ট্রেলিয়ার জন্য এই জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগে ২০১৮ সালে তারা সর্বশেষ ফাইনাল খেলেছিল। ২০১০ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপের শিরোপা জিতেছিল তারা। 

এবার ঘরের মাঠে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে তারা আগামী ২১ মার্চ সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় মাঠে নামবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে বুধবার অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল জাপান অথবা দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য যে এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল তবে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।