রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৯০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ১১:৪৫ এএম

৯০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি

৯০০ গোলের ক্লাবে মেসি

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে আরও একটি অনন্য শিখরে আরোহণ করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ বৃহস্পতিবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

ম্যাচের মাত্র সপ্তম মিনিটে নিজের স্বভাবজাত দক্ষতায় বাঁ পায়ের জোরালো শটে এই গোলটি করেন ইন্টার মায়ামির অধিনায়ক। তবে ব্যক্তিগত এই মহাবীরত্ব ম্লান হয়ে গেছে দলের পরাজয়তুল্য ড্র এবং টুর্নামেন্ট থেকে বিদায়ে। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় অ্যাওয়ে গোলের সুবিধায় পরের পর্বে পৌঁছে গেছে ন্যাশভিল এসসি।

পরিসংখ্যান বলছে, চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনায় অনেক কম ম্যাচ খেলেই এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন মেসি। পর্তুগিজ তারকা রোনালদো ৯০০তম গোলের দেখা পেয়েছিলেন তার ১ হাজার ২৩৮তম ম্যাচে। 

সেখানে মেসি এই মাইলফলকে পৌঁছাতে সময় নিয়েছেন মাত্র ১ হাজার ১৪২টি ম্যাচ। অর্থাৎ রোনালদোর চেয়ে ৯৬টি ম্যাচ কম খেলেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। বর্তমানে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় ৯৬৫ গোল নিয়ে সবার উপরে অবস্থান করছেন ৪১ বছর বয়সী রোনালদো। মেসি ৯০০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ৭৬২ গোল নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন।

মেসির ৯০০ গোলের এই দীর্ঘ যাত্রা ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্যের গল্পে ঘেরা। তিনি বার্সেলোনার হয়ে করেছেন সর্বোচ্চ ৬৭২টি গোল। এছাড়া বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে ৮১টি, প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ৩২টি এবং জাতীয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে এখন পর্যন্ত ১১৫টি গোল করেছেন। ন্যাশভিলের মাঠে প্রথম লেগের লড়াই গোলশূন্য সমতায় শেষ হওয়ায় আজকের ড্রটি মায়ামির জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রতিপক্ষের মাঠে গোল করার বাড়তি সুবিধায় ন্যাশভিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ফলে ৯০০ গোলের ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের পূর্ণতা পায়নি ইন্টার মায়ামির শিবিরে।