মার্চ ২৪, ২০২৬, ০৭:৩৬ পিএম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের প্রথম এই ম্যাচে জয় নিশ্চিত করতে প্রধান ভূমিকা রাখেন প্রবাসী খেলোয়াড় রোনান সুলিভান।
জাতীয় দলের জার্সি গায়ে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে তিনি ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন।ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে স্পষ্ট আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ১০ মিনিটেই কয়েকটি কর্নার ও গোলের সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের দুর্বলতায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। যদিও পাকিস্তান কিছু প্রতি আক্রমণ করার চেষ্টা করেছিল, তবে বাংলাদেশের মাঝমাঠের শক্তিশালী নিয়ন্ত্রণের সামনে তারা কোণঠাসা হয়ে পড়ে।
বিরতির পর দ্বিতীয় অর্ধে খেলার গতি আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ এবং রোনান সুলিভানের দক্ষতায় পরপর দুটি গোল আদায় করে নেয়। উল্লেখ্য যে, বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান ও ডেকলাইন সুলিভানকে নিয়ে আগে থেকেই বেশ আলোচনা ছিল।বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ। ২০১৫ সালে প্রথম অংশগ্রহণের পর থেকে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার অংশ নিয়েছে বাংলাদেশ।
এর মধ্যে ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও চারবার রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরেও বাংলাদেশের শক্তিশালী অবস্থানের প্রমাণ মিলল পাকিস্তানের বিপক্ষে এই আধিপত্যপূর্ণ জয়ের মাধ্যমে। মাঠের এই জয় বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন