মার্চ ২৫, ২০২৬, ০৪:৪৫ পিএম
পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে অংশ নিতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। ফ্র্যাঞ্চাইজি লিগটির নতুন মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার আগে এই দুই ক্রিকেটারকে বিশেষ বিশেষণে ভূষিত করেছে তাদের দল।
লাহোর কালান্দার্সের বিশেষ থিম ও অনুপ্রেরণার অংশ হিসেবে খেলোয়াড়দের অনুশীলন জার্সির পেছনে নামের পরিবর্তে ভিন্ন ভিন্ন বিশেষণ ব্যবহার করা হয়েছে। সেখানে মোস্তাফিজুর রহমানকে ‘প্রফিটিং’ বা লাভজনক এবং পারভেজ হোসেন ইমনকে ‘লাকি’ বা ভাগ্যবান হিসেবে উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামীকাল বৃহস্পতিবার থেকে লাহোরে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স। ইতোমধ্যে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিটি ক্রিকেটারের মানসিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির জার্সির পেছনে লেখা হয়েছে ‘ঈগল’। জিম্বাবুয়ের সিকান্দার রাজার জার্সিতে লেখা হয়েছে ‘কালান্দার্স কা সিকান্দার’। এছাড়া দলের অন্যান্য খেলোয়াড়দেরও বিধ্বংসী বা বিশ্বস্ত এমন নানা তকমা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজ ও ইমনের যোগদানের বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।এবারের পাকিস্তান সুপার লিগ এমন এক সময়ে শুরু হচ্ছে যখন পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত বিরাজ করছে।
নিরাপত্তার পাশাপাশি জ্বালানি সংকটের কারণে টুর্নামেন্টের পরিধি কমিয়ে কেবল লাহোর ও করাচিতে সীমাবদ্ধ রাখা হয়েছে। শুরুতে ছয়টি ভেন্যুতে খেলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এছাড়া নিরাপত্তা ঝুঁকির কারণে গ্যালারিতে কোনো দর্শক ছাড়াই ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। বাংলাদেশ সময় রাত ৮টায় লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের মধ্যকার ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে।
পিএসএলের এবারের আসরে মোস্তাফিজ ও ইমন ছাড়াও আরও চারজন বাংলাদেশি ক্রিকেটার বিভিন্ন দলে খেলছেন। এর মধ্যে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির হয়ে। সব মিলিয়ে এবারের পাকিস্তানি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের এই অংশগ্রহণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন