বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ব্রাজিল ম্যাচের আগে এমবাপ্পের বিস্ফোরক মন্তব্য

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৪:১৩ পিএম

ব্রাজিল ম্যাচের আগে এমবাপ্পের বিস্ফোরক মন্তব্য

অনুশীলনে কিলিয়ান এমবাপ্পে

ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হওয়ার আগেই বড় ম্যাচের উত্তাপ ছড়াচ্ছে ফ্রান্স ও ব্রাজিলের প্রীতি ম্যাচ। তবে এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। নিজের চোট এবং ভুল হাঁটুতে এমআরআই করার খবর নিয়ে ওঠা বিতর্ক নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন এই ফরোয়ার্ড। 

বোস্টনে বাংলাদেশ সময় আজ রাত দুইটায় শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, ভুল হাঁটুতে পরীক্ষার খবরটি সম্পূর্ণ মিথ্যা। তবে পরিস্থিতির জন্য নিজেকে পরোক্ষভাবে দায়ী করে তিনি বলেন, সঠিক সময়ে তথ্য না জানানোয় অনেকে বিষয়টিকে নানাভাবে ভুল ব্যাখ্যা করার সুযোগ পেয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে যে, গত ডিসেম্বরে এমবাপ্পে যে পায়ে চোট পেয়েছিলেন তার পরিবর্তে ভুল করে অন্য পায়ে এমআরআই করিয়েছে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম। 

ডান হাঁটুতে কোনো সমস্যা না পেয়ে পরে বাম পায়ে পুনরায় পরীক্ষা করলে লিগামেন্ট আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। তবে এই শারীরিক সীমাবদ্ধতা নিয়েও এমবাপ্পে মাঠের লড়াই চালিয়ে যাচ্ছেন। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত, বিশেষ করে প্রতিপক্ষ কোচ কার্লো আনচেলত্তির অধীনে খেলার বিষয়টি তাকে বাড়তি প্রেরণা দিচ্ছে। এমবাপ্পে মনে করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি নিজেদের সক্ষমতা যাচাই করার সেরা সুযোগ।

অন্যদিকে ব্রাজিল দলও দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে বড় কোনো আন্তর্জাতিক সাফল্যে পৌঁছাতে পারেনি সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পঞ্চম হয়ে বাছাইপর্ব শেষ করা দলটি এখন নতুন কৌশলে এগোচ্ছে। ৪৮ দলের আসন্ন বিশ্বকাপে ফ্রান্স খেলবে আই গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল ও নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচের সপ্তাহখানেক পরই ফ্রান্স লড়বে কলম্বিয়ার বিপক্ষে। ফুটবল বিশ্বের নজর এখন বোস্টনের এই দ্বৈরথের দিকে, যেখানে এমবাপ্পের ব্যক্তিগত ফর্ম ও চোট পরিস্থিতি বড় ভূমিকা রাখতে পারে।