বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীকে ১০ নম্বর জার্সি উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

প্রধানমন্ত্রীকে ১০ নম্বর জার্সি উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে তার প্রথম অংশগ্রহণ। 

স্টেডিয়ামের ভিআইপি গেট দিয়ে মাঠে প্রবেশ করে তিনি সরাসরি ডাগআউটে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। এরপর তিনি অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের অভিবাদনের জবাব দেন এবং পরে ভিআইপি লাউঞ্জে গিয়ে অবস্থান নেন।

ম্যাচ চলাকালীন এক পর্যায়ে প্রধানমন্ত্রীর হাতে ১০ নম্বর সম্বলিত একটি জার্সি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফুটবলের ইতিহাসে ১০ নম্বর জার্সিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একে একটি আইকন হিসেবে বিবেচনা করা হয়। 

সাধারণত দলের সবচেয়ে দক্ষ ও সৃজনশীল খেলোয়াড়ের গায়ে এই জার্সি দেখা যায়। বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে ও ম্যারাডোনা থেকে শুরু করে আধুনিক যুগের লিওনেল মেসি বা নেইমার—সবাই এই ১০ নম্বর জার্সি পরেই মাঠ মাতিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এই জার্সি উপহার দেওয়ার বিষয়টি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

প্রধানমন্ত্রী দীর্ঘ সময় স্টেডিয়ামে অবস্থান করে লাল দল ও সবুজ দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপভোগ করেন। তার এই উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের নৈপুণ্যের প্রশংসা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।