মার্চ ২৭, ২০২৬, ০৯:৫০ এএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরে বড় জয় দিয়ে অভিযান শুরু করেছে লাহোর কালান্দার্স। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমানকে ৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে মোস্তাফিজুর রহমানদের দল। বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। দলের পক্ষে ওপেনিং জুটিতে দারুণ শুরু এনে দেন ফখর জামান ও মোহাম্মদ নাঈম। তারা দুজনে মিলে প্রথম উইকেট জুটিতে ৮৪ রান যোগ করেন। ফখর জামান ৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন এবং বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ নাঈম করেন ৩০ রান।
মাঝের ওভারে পিএসএলে অভিষেক হওয়া তরুণ টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১৪ রানের একটি ছোট ইনিংস খেলেন। তবে ইনিংসের শেষ দিকে হাসিবউল্লাহ খানের ৪০ এবং সিকান্দার রাজার বিধ্বংসী ব্যাটিং লাহোরকে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেয়।
হায়দরাবাদ কিংসমানের পক্ষে অজি পেসার রাইলি মেরেডিথ এবং হাসান খান দুটি করে উইকেট শিকার করেন। ২০০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ না হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ। মারনাস লাবুশেন ২৬ রান করলেও অন্য কোনো ব্যাটার ক্রিজে থিতু হতে পারেননি।লাহোরের বোলারদের মধ্যে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ফিজের এমন কিপটে বোলিংয়ের পাশাপাশি সিকান্দার রাজা, হারিস রউফ এবং উবাইদ শাহ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত ১৩০ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ কিংসমান। ফলে ৬৯ রানের বিশাল জয়ে মাঠ ছাড়ে লাহোর কালান্দার্স। অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন