সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০৯:৫৩ এএম

মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

আর্জেন্টিনার জয়োল্লাস

আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া। প্রীতি ম্যাচে জয় পেলেও মাঠের পারফরম্যান্সে খুব একটা স্বস্তিতে নেই বিশ্বচ্যাম্পিয়নরা। বুয়েন্স আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচের প্রথমার্ধে দুই গোলের লিড নিলেও দ্বিতীয়ার্ধে রক্ষণের কিছুটা দুর্বলতা এবং শেষ মুহূর্তের গোল হজম করা কোচ লিওনেল স্কালোনির জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে আলবিসেলেস্তেরা। ১৭ মিনিটে নাহুয়েল মোলিনার নিখুঁত পাসে জাল খুঁজে নেন এনজো ফার্নান্দেজ। 

এরপর ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ উদীয়মান তারকা নিকো পাজ। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া এক চমৎকার ফ্রি-কিকে প্রতিপক্ষের মানবদেয়াল ভেদ করে গোলটি করেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। প্রথমার্ধের দুই গোলের ব্যবধানে আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাস ফিরলেও মৌরিতানিয়া হাল ছাড়েনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুপারস্টার লিওনেল মেসি মাঠে নামলে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনা দেখা দেয়। মেসি মাঠে নেমে চিরচেনা শৈলীতে বেশ কিছু আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি। তার নেওয়া একটি বাঁকানো শট পোস্টের খুব কাছ দিয়ে চলে যায়। বল দখলে আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে থাকলেও মৌরিতানিয়ার পাল্টা আক্রমণগুলো ছিল যথেষ্ট বিপজ্জনক। 

ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জর্ডান লেফোর্ট ফ্রি-কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচের আগে এই জয় যেমন ইতিবাচক তেমনি রক্ষণের ভুলগুলো সংশোধনের বড় বার্তাও দিচ্ছে।