সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মন্তব্যে বিতর্ক, শোকজের মুখে নাসিম শাহ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০১:৪৩ পিএম

মন্তব্যে বিতর্ক, শোকজের মুখে নাসিম শাহ

বিপাকে পেসার নাসিম শাহ

পাকিস্তান সুপার লিগ বা পিএসএল শুরুর আগেই মাঠের বাইরের এক ঘটনায় তীব্র আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করার জেরে তিনি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির কঠোর নজরদারিতে রয়েছেন। 

ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। শৃঙ্খলা ভঙ্গের এই অভিযোগ নাসিম শাহর বর্তমান ক্রিকেটীয় ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পিএসএলের উদ্বোধনী ম্যাচে। সেখানে পিসিবি সভাপতি মহসিন নাকভির সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তিনি খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জাতীয় সংগীতের সময়ও মাঠে উপস্থিত ছিলেন। 

সেই মুহূর্তের একটি ভিডিও পিসিবি তাদের দাপ্তরিক অ্যাকাউন্টে প্রকাশ করলে নাসিম শাহ সেটি নিজের এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন। শেয়ার করার সময় তিনি লেখেন যে কেন তাকে লর্ডসের রানির মতো মর্যাদা দেওয়া হচ্ছে। যদিও পোস্টটি তিনি দ্রুত মুছে ফেলেন কিন্তু ততক্ষণে সেটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।পরবর্তীতে নাসিম শাহ দাবি করেন যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং সেটি পুনরুদ্ধার করার পর তিনি বিষয়টি জানতে পারেন। 

তবে পিসিবি তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি। কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং মিডিয়া নীতিমালা লঙ্ঘনের দায়ে তাকে আনুষ্ঠানিকভাবে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই পরিস্থিতির কারণে পিএসএলে তার দলের হয়ে মাঠে নামার বিষয়টিও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

চলতি আসরের নিলামে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি তাকে ৮৬ দশমিক ৫ মিলিয়ন পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল। আজ পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা থাকলেও এই শৃঙ্খলা ভঙ্গের ইস্যুটি তাকে মানসিকভাবে চাপে রেখেছে। ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকরা এখন অপেক্ষা করছেন পিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। পাকিস্তান ক্রিকেটে মাঠের বাইরের এমন বিতর্ক নতুন নয় তবে পিএসএলের মতো বড় আসরের শুরুতে একজন শীর্ষ সারির ক্রিকেটারের এমন জড়িয়ে পড়া নিয়ে সর্বত্র আলোচনা চলছে।