রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে বাংলাদেশের রেকর্ড জয়

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে বাংলাদেশের রেকর্ড জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে এক পর্যায়ে দল বিপর্যয়ে পড়লেও তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেনের পাল্টা আক্রমণে বড় জয় নিশ্চিত হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব একটা দ্রুত ছিল না। ইনিংসের প্রথম ১০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ছিল মাত্র ৭৭ রান।

দলীয় এই বিপর্যয়ের মুখে রুখে দাঁড়ান তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। ইনিংসের চেহারা পাল্টে দিতে বড় ভূমিকা রাখেন তারা। কিউই স্পিনার সোধির এক ওভার থেকেই ১৮ রান তুলে নেন হৃদয়। হৃদয় ও পারভেজের জুটি থেকে আসে ২৮ বলে ৫৭ রান। পারভেজ ১৪ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেও ব্যাট চালিয়ে যান হৃদয়।

ম্যাচের শেষ দিকে হৃদয়ের সাথে যোগ দেন শামীম হোসেন। তাদের দুজনের ২১ বলে অপরাজিত ৪৯ রানের জুটি ১২ বল বাকি থাকতেই বাংলাদেশের জয় নিশ্চিত করে। তাওহীদ হৃদয় ২৭ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে শামীম হোসেন মাত্র ১৩ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। 

কিউইদের পক্ষে ক্লিভার ও ক্লার্ক উভয়েই ৫১ রান করে করেন। এছাড়া কেলি ৩৯ ও ক্লার্কসন অপরাজিত ২৭ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২ টি এবং মেহেদী, শরীফুল ও তানজিম ১টি করে উইকেট শিকার করেন। ১৮ ওভারে ১৮৩ রান তুলে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।