রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আইপিএলে পাত্তাই পাচ্ছেন না বুমরাহ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ১২:২৩ পিএম

আইপিএলে পাত্তাই পাচ্ছেন না বুমরাহ

ছন্দহীন জসপ্রিত বুমরাহ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে একেবারেই ছন্দহীন অবস্থায় রয়েছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহ। টুর্নামেন্টের ৮টি ম্যাচ পার হলেও তাঁর ঝুলিতে জমা হয়েছে মাত্র ২ উইকেট। অন্তত ৩০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে বুমরাহ’র বোলিং পরিসংখ্যান এখন টুর্নামেন্টের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে। বর্তমানে তাঁর বোলিং গড় দাঁড়িয়েছে একশ ৩২-এ।

টুর্নামেন্টের শুরু থেকেই উইকেটের জন্য লড়াই করতে দেখা যাচ্ছে এই ভারতীয় পেসারকে। প্রথম পাঁচ ম্যাচে তিনি পুরোপুরি উইকেটশূন্য ছিলেন। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস—এই পাঁচ দলের কোনোটির বিপক্ষেই তিনি উইকেটের দেখা পাননি। 

ষষ্ঠ ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে সাই সুদর্শনকে আউট করার মাধ্যমে চলতি আসরে নিজের উইকেটের খাতা খোলেন তিনি।বুমরাহ’র এই পারফরম্যান্স তাঁর সাম্প্রতিক অতীতের সাফল্যের তুলনায় একেবারেই বিপরীত। 

গত আসরেও তিনি চোট কাটিয়ে ফিরে মাত্র ১২ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছিলেন, যেখানে তাঁর ইকোনমি রেট ছিল ৬.৬৮। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। তবে এবার শুধু পরিসংখ্যান নয়, মাঠে তাঁর সেই বিশেষ ‘ফিয়ার ফ্যাক্টর’ বা ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টির ক্ষমতাও যেন কিছুটা ম্লান হয়েছে। ব্যাটাররা এখন তাঁর বিপক্ষে আগের চেয়ে বেশি আক্রমণাত্মক খেলছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এক ম্যাচেই ৪ ওভারে ৫৪ রান দিয়েছেন তিনি। 

এমনকি তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী তাঁর এক ওভারেই দুটি ছক্কা হাঁকিয়েছেন।ক্রিকেট বিশ্লেষকরা বুমরাহ’র এই ছন্দপতনের পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, অতিরিক্ত ব্যস্ত সূচির কারণে বুমরাহ শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। আইপিএলের আগে এশিয়া কাপ, বিশ্বকাপ এবং ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ টেস্ট সিরিজে প্রচুর বোলিং করতে হয়েছে তাঁকে। ইংল্যান্ডের বিপক্ষেই মাত্র তিন ম্যাচে তিনি ১১৯ ওভার বল করেছেন।

অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিন বলছেন যে দলের টানা হার বুমরাহ’র মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরের ৮ ম্যাচের ৬টিতেই হেরেছে, যা বুমরাহ’র আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিচ্ছে। এ ছাড়া ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বুমরাহ’র দীর্ঘদিনের পিঠের সমস্যার দিকেও ইঙ্গিত করেছেন। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড মনে করছেন, এটি কেবল একটি সাময়িক খারাপ সময় এবং বুমরাহ খুব শীঘ্রই তাঁর চেনা ফর্মে ফিরে আসবেন।