মে ১৭, ২০২৬, ১০:১৩ পিএম
জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের জন্য নির্ধারিত সময়সীমা পার হলেও বাফুফে এখনো চূড়ান্ত ঘোষণা দিতে পারেনি। হামজা কিংবা শমিতদের নতুন হেড কোচ কে হচ্ছেন, তা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। এর আগে গত ১৫ মে নতুন কোচের নাম প্রকাশের কথা থাকলেও সেই ডেডলাইন পার হয়ে গেছে।
রোববার (১৭ মে) জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে সরকারের অবস্থানের কথা জানান।ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে প্রধান কোচ হিসেবে পেতে বাফুফে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, নতুন কোচ নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কোলম্যানকে নিয়োগ দেওয়ার ব্যাপারে বাফুফে সরকারের কাছে যে ধরনের সহযোগিতা চেয়েছিল, তা ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে এবং প্রয়োজনীয় সম্মতি দেওয়া হয়েছে।
তবে চুক্তি চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হওয়ার কারণ হিসেবে কোলম্যানের এজেন্টের সাথে বাফুফে সভাপতির চলমান আলোচনাকে উল্লেখ করেন তিনি। এজেন্টের সাথে আর্থিক ও অন্যান্য শর্তাবলীর বোঝাপড়া এখনো শেষ না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা থমকে আছে।কোলম্যানকে শেষ পর্যন্ত না পাওয়া গেলে বাফুফের বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।
প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে প্রথম পছন্দকে কোনো কারণে না পাওয়া গেলে দ্বিতীয় পছন্দের কোচকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বাফুফে সরাসরি চুক্তি নিয়ে কথা বলছে এবং আলোচনা শেষ হলেই অফিশিয়ালি তা প্রকাশ করা হবে। তিনি নিজেও চান দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হোক। বাফুফে আনুষ্ঠানিকভাবে এজেন্টের সাথে আলোচনা শেষ করলেই নতুন কোচের নাম চূড়ান্ত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন