বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ভারতের বিপক্ষে সাফের ফাইনালে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৩:৪৬ পিএম

ভারতের বিপক্ষে সাফের ফাইনালে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ প্রস্তুত। ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সাফের এই ফাইনালে কেবল ট্রফি নয়, থাকছে মর্যাদা ও ইতিহাস গড়ার লড়াই।টানা তৃতীয় শিরোপার সন্ধানে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবলারদের সামনে বিরল এক কীর্তি গড়ার সুযোগ। ২০২২ ও ২০২৪ সালের পর আজ জিততে পারলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে, স্বাগতিক ভারতের লক্ষ্য নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করা। শুরুর দিকের সাফল্য থেকে এখনকার বাস্তবতায় লাল-সবুজের মেয়েরা নিজেদের এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে।

২০১৬ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল বাংলাদেশ।শিলিগুড়ির সেই আসরে ভারতের কাছে হারলেও সাবিনা খাতুনরা নিজেদের শক্তির জানান দিয়েছিলেন। এরপর বয়সভিত্তিক পর্যায়ে একের পর এক সাফল্য এসেছে, যার ভিত্তি গড়েছে ২০১৭ ও ২০১৮ সালের চ্যাম্পিয়নশিপ। 

২০২২ সালে প্রথমবার সিনিয়র সাফের মুকুট জয় এবং ২০২৪ সালে তা ধরে রাখার সাফল্য তাদের আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছে।তবে আজকের চ্যালেঞ্জটি বেশ কঠিন।গ্রুপ পর্বে ভারতের কাছে তিন গোলে হারলেও সেমিফাইনালে নেপালকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারত ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অতীতে বিভিন্নবার জয়ী হয়েছে বাংলাদেশ, যা আজকের ম্যাচে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

অধিনায়ক মারিয়া মান্ডার নেতৃত্বেই আজ ইতিহাস গড়ার মিশনে নামবে দলটি।২০১৬ সালের সেই ফাইনাল দেখা মারিয়া এখন দলের কাণ্ডারি। তার সামনে এখন পুরোনো হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। পুরো বাংলাদেশ এখন অপেক্ষায় আছে ইতিহাসের সাক্ষী হওয়ার।