জুন ৬, ২০২৬, ০৯:১৮ পিএম
বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ভারতের কাছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের লড়াই ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে শিরোপা হাতছাড়া হয় লাল-সবুজ জার্সিধারীদের।জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুক্রবার ভারত শিরোপা পুনর্দখল করেছে।
ফাইনালের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। প্রথমার্ধে ভারত বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে বাংলাদেশ ছিল সমান তালে। ৪২তম মিনিটে পিয়ারি জাজার গোলে ভারত এগিয়ে গেলেও ৪৪তম মিনিটে ঋতুপর্ণা চাকমা গোল করে সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণাত্মক ফুটবলের সামনে বাংলাদেশ বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের কাছে ফের পিছিয়ে পড়ে বাংলাদেশ।ম্যাচের ৪৮তম মিনিটে সানফিদার হেডে গোল করে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যায়। সমতায় ফেরার জন্য শামসুন্নাহার ও মারিয়া মান্ডা বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি। ম্যাচের ৮২তম মিনিটে নিজেদের বক্সে আফঈদা খন্দকারের ভুলে লিনডা কম সেরতো গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
শিরোপার লড়াইয়ে হতাশ হতে হলো বাংলাদেশের মেয়েদের।ম্যাচের শেষ দিকে অনেক চেষ্টা করেও বাংলাদেশ আর কোনো গোল আদায় করতে পারেনি। ফলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ছয় বছর পর আবারও সাফের শিরোপা ঘরে তুলল ভারত। ২০২২ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার রানার্সআপ হয়ে মাঠ ছাড়ল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন