রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাজিলকে ৭ গোল দিয়েছে কোন কোন দেশ?

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৬:৫২ পিএম

ব্রাজিলকে ৭ গোল দিয়েছে কোন কোন দেশ?

ফুটবল বিশ্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বিশ্বমঞ্চে কখনো কখনো এমন কিছু ম্যাচ দেখা যায়, যেখানে গোলের বন্যায় হিসাব-নিকাশ পাল্টে যায়। এমনই কিছু লজ্জার সঙ্গী সেলেসাওরা। ম্যাচে ৭ বা তার বেশি গোল হজম করার ঘটনা তাদের ইতিহাসে মাত্র দুবার ঘটেছে।

ব্রাজিলের সবচেয়ে পুরোনো বড় পরাজয়টি ঘটে ১৯৩৪ সালের ৩ জুন। বেলগ্রেডে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে তৎকালীন যুগোস্লাভিয়ার কাছে ৮-৪ গোলে হেরেছিল সেলেসাওরা। 

ইউরোপ সফরের অংশ হিসেবে আয়োজিত ওই ম্যাচে শুরুতে ব্রাজিল গোল পেলেও, পরে যুগোস্লাভিয়ার আক্রমণের সামনে রক্ষণভাগ একেবারেই ভেঙে পড়েছিল।দীর্ঘ ৮০ বছর পর, ২০১৪ সালের ৮ জুলাই বিশ্ববাসী দেখেছিল ব্রাজিলের সবচেয়ে বেদনাদায়ক পরাজয়। 

ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল তারা। নেইমার ও থিয়াগো সিলভাবিহীন সেই ম্যাচে সেলেসাওদের নিয়ে ছেলেখেলায় মেতেছিল জার্মানরা।ম্যাচের ২৯ মিনিটের মধ্যেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। 

শেষ পর্যন্ত ৭-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। অস্কার একটি সান্ত্বনাসূচক গোল করলেও, ইতিহাসের সবচেয়ে করুণ পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা। বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে বড় হার হিসেবে এটিই আজও আলোচিত।ফিফা বিশ্বকাপের ইতিহাসে এমন পরাজয় সেলেসাও ভক্তদের জন্য আজও দুঃস্বপ্নের মতো।