জুন ১২, ২০২৬, ১০:৩৪ এএম
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নতুন এক ইতিহাস তৈরি করেছেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবের্তো মোরা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আস্তেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে দেশের সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে ভেঙে গেছে প্রায় ৯৬ বছর ধরে অক্ষত থাকা একটি পুরোনো রেকর্ড।
বিশ্বকাপের সামগ্রিক ইতিহাসেও তিনি এখন ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার হিসেবে নিজের নাম তুলেছেন।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে মেক্সিকো ২-০ গোলের জয় পেয়েছে। ম্যাচের ৬৬ মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান মোরা। এই অভিষেকের সময় তার বয়স ছিল ঠিক ১৭ বছর ২৪০ দিন।
এর আগে মেক্সিকোর হয়ে এই রেকর্ডটি ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মেক্সিকোর জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলের চেয়ে মোরা মাত্র পাঁচ দিন বেশি বয়সে বিশ্বকাপে মাঠে নামলেন। ১৯৫৮ সালের বিশ্বকাপে পেলের অভিষেক হয়েছিল ১৭ বছর ২৩৫ দিন বয়সে। তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার চূড়ান্ত রেকর্ডটি এখনো নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইডের কাছেই রয়ে গেছে।
তিনি ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে এই অনন্য কীর্তি গড়েছিলেন। কনিষ্ঠ ফুটবলারদের এই বিশ্ব তালিকায় আরও রয়েছেন ক্যামেরুনের সামুয়েল এতো ও সালোমন ওলেম্বে এবং নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি।
অবশ্য জাতীয় দলের হয়ে বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য এটিই প্রথম নয়। গত বছর মাত্র ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয়েছিল, যা মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার রেকর্ড।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন