শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী বিশ্বকাপে সম্প্রচারে বড় আয়ের লক্ষ্য জানাল তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৫:৫৬ পিএম

আগামী বিশ্বকাপে সম্প্রচারে বড় আয়ের লক্ষ্য জানাল তথ্যমন্ত্রী

আগামী ফুটবল বিশ্বকাপে কেবল বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় অর্থ উপার্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান।সরকারি রাজস্বের কোনো অর্থ খরচ না করেই এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা সম্ভব হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনা, সততা ও কৃচ্ছ্রতাসাধন নীতির কারণেই সাধারণ ক্রীড়াপ্রেমীদের বঞ্চিত না করে এই অর্জন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিকল্প সাংগঠনিক কাঠামো তৈরি করে রাজস্ব ব্যয় শূন্যের কোঠায় রাখা সম্ভব হয়। তিনি এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, বিটিভি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশেষ ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ধন্যবাদপত্র তুলে দেন। এ সময় তথ্যমন্ত্রী উল্লেখ করেন, ক্রীড়াঙ্গনে তরুণ সমাজকে যুক্ত করে মাদকমুক্ত ও সচেতন জনবল গড়ে তোলার পাশাপাশি খেলাধুলাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচারকে একটি পুরোপুরি লাভজনক রাষ্ট্রীয় প্রকল্পে রূপ দেওয়ার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি এই উদ্যোগ ভবিষ্যতে জাতীয় ক্রীড়া অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।