জুন ১৩, ২০২৬, ১২:২১ পিএম
যৌথভাবে আয়োজিত ফুটবল বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে এবার বিশ্বমঞ্চে যোগ হলো বাংলাদেশের নাম। কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্বে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে পারফর্ম করে ইতিহাস গড়েছেন সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত সব তারকাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার পাশাপাশি নিজের পোশাকে অভিনব উপায়ে দেশকে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রশংসায় ভাসছেন তিনি।টরন্টোর কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে তিনি এই কৃতিত্ব দেখান।
কানাডার উদ্বোধনী ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে শুরু হওয়া এই অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিমের সঙ্গে মঞ্চ মাতান সঞ্জয়। তারা একসঙ্গে পরিবেশন করেন চলতি আসরের ফিফার অফিশিয়াল গান `সির সির`। গত ৮ই জুন ফিফার নিজস্ব ডিজিটাল চ্যানেলে মুক্তি পাওয়ার পর থেকেই গানটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং মাত্র চার দিনেই এর ভিউ সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ছাড়িয়ে গেছে। অনুষ্ঠানে কানাডার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা করেন গায়ক উইলিয়াম প্রিন্স এবং পরে মঞ্চে আসেন সঞ্জয় ও নোরা।
পারফরম্যান্সের সময় সঞ্জয়ের গায়ে থাকা বিশেষভাবে তৈরি জ্যাকেটটি সবার নজর কাড়ে। জ্যাকেটের ডান হাতার ওপর সুনিপুণ সুতার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের মাঝে লাল বৃত্তে আঁকা জাতীয় পতাকার নকশা। গান গাওয়ার সময় তিনি বারবার নিজের হাতার দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে প্রদর্শন করছিলেন। আন্তর্জাতিক এই গৌরবময় মঞ্চে দেশের এমন চমৎকার ও সম্মানজনক উপস্থাপনার ভিডিও মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবং তার শৈশবের একটি বড় অংশ কেটেছে চট্টগ্রামে। পরবর্তীতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এই তরুণ বর্তমানে লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলা সংগীতের আবহকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিজের একটি স্বতন্ত্র ও শক্তিশালী পরিচিতি তৈরি করেছেন। গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করলেও নিজের শেকড়ের প্রতি তার টান যে কতটা গভীর, এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি আরও একবার তা প্রমাণ করলেন।
তিনি এর আগে দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং তৈরিতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এছাড়া দেশের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমানের একাধিক জনপ্রিয় গানের সংগীত প্রযোজনা করেছেন তিনি। হাবিবের সঙ্গে তার `একলা দুনিয়া` এবং তাহসানের সঙ্গে `ভুলে যাব` গান দুটি দেশের শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়। বিশ্বমঞ্চে তার এই রাজকীয় পদচারণা বাংলাদেশের সংগীত শিল্পের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন