রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৯, ২০২৬, ১১:২৬ পিএম

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল

স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল নিজের ফুটবল জীবনের অনুপ্রেরণা ও সর্বকালের সেরা ফুটবলার নিয়ে খোলামেলা কথা বলেছেন। স্প্যানিশ এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী বার্সেলোনার এই তারকা ফুটবলার তাঁর নিজের ফুটবল ভাবনা প্রকাশ করেন।আন্তর্জাতিক ফুটবল মঞ্চের অন্যতম আলোচিত এই তারকা ফুটবলার নিজের ব্যক্তিগত আদর্শ হিসেবে ব্রাজিলীয় সুপারস্টার নেইমারকে বেছে নিয়েছেন।

তবে নেইমারকে নিজের আদর্শ মানলেও সর্বকালের সেরা হিসেবে তিনি কিন্তু  মহাতারকা লিওনেল মেসিকেই বেছে নিয়েছেন। ইয়ামাল মনে করেন যে প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করেন যে তিনি কেন সর্বকালের সেরা। এ নিয়ে যদি কারও মনে কোনো সন্দেহ থাকে, তবে তা স্রেফ সন্দেহ খোঁজার জন্যই। বিশ্ব ফুটবলের বড় তারকাদের সঙ্গে প্রায়ই নিজের তুলনা করা হলেও এই স্প্যানিশ ফরোয়ার্ড ব্যক্তিগত প্রতিযোগিতাকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন।

মেসি বা কিলিয়ান এমবাপ্পে গোল করলেন অথচ তিনি গোল পেলেন না—এসব বিষয় নিয়ে তাঁর কোনো আসক্তি নেই। তিনি স্রেফ মাঠের খেলাটা উপভোগ করতে চান এবং দলের জয় চান। এমনকি টুর্নামেন্টে নিজে একাই ১৬টি গোল করার পরেও যদি দল  থেকে বাদ পড়ে যায়, তবে তেমন ব্যক্তিগত গোল তিনি চান না।

বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর স্পেনের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী রোববার আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচে স্পেনের অন্যতম প্রধান ভরসা এই ইয়ামাল। সম্প্রতি চোট থেকে সেরে ওঠা এই তরুণ অবশ্য স্বীকার করেছেন যে তিনি এখনও পুরোপুরি ফিট নন। আর সে কারণেই আগামী ম্যাচে পুরো ৯০ মিনিট খেলা তাঁর পক্ষে সম্ভব হবে না।