জুন ২৮, ২০২৬, ১০:২১ পিএম
ফুটবল বিশ্বকাপের চলতি আসরে মাঠের লড়াইয়ে এক নজিরবিহীন ও নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার পরাশক্তিরা। বিশ্বমঞ্চের ইতিহাসে এই প্রথমবারের মতো এক আসরে মহাদেশটির রেকর্ড ৯টি দেশ নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।আফ্রিকান ফুটবল কনফেডারেশনের দলগুলোর এমন যৌথ ও অভূতপূর্ব সাফল্য বিশ্ব ফুটবলকে এক বড় চমক দিয়েছে।
চলতি আসরে নকআউটে পা রাখা আফ্রিকার এই ৯টি দেশ হলো মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেঁনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং আলজেরিয়া। এর আগে কোনো একক বিশ্বকাপে এত বেশিসংখ্যক আফ্রিকান প্রতিনিধি একসাথে নকআউট রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অতীতে বিভিন্ন আসর মিলিয়ে সর্বোচ্চ ছয়টি ভিন্ন আফ্রিকান দেশ বিভিন্ন সময়ে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছিল, যার মধ্যে গত ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে সর্বোচ্চ দুটি করে আফ্রিকান দল শেষ ষোলো নিশ্চিত করেছিল।
গত ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২ নিশ্চিত করে মহাবাজিমাত করেছে ছোট দেশ কেপ ভার্দে। এছাড়াও শেষ বত্রিশের লড়াইয়ে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নকআউটে ওঠাও এবারের অন্যতম বড় বিস্ময় হিসেবে দেখা হচ্ছে। আলজেরিয়ার নকআউটে ওঠার গল্পটি ছিল আরও বেশি নাটকীয়, যেখানে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তারকা ফুটবলার রিয়াদ মাহরেজের দুর্দান্ত জয়সূচক গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন