জুলাই ৬, ২০২৬, ০৭:২০ পিএম
বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ঘণ্টা বেজেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই ব্যর্থতার পর গুঞ্জন উঠেছিল কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ব্যর্থতার পরও কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা রাখছে তারা।
নির্বাহী পরিচালক রদ্রিগো কায়তানো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত কোচকে ছাঁটাই করার কোনো পরিকল্পনা নেই। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সিবিএফ-এর মতে, একটি টুর্নামেন্টে হারের কারণে পুরো প্রক্রিয়াকে ব্যর্থ বলা যায় না।
২০২৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তির অধীনে দল ধাপে ধাপে উন্নতি করছিল বলে মত দিয়েছেন কায়তানো। তিনি আরও বলেন, খেলোয়াড় ও স্টাফরা অত্যন্ত মর্মাহত হলেও তারা একসাথে যে সময়টা কাটিয়েছেন তা ইতিবাচক ছিল। আনচেলত্তির অধীনে কঠোর পরিশ্রমের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
হতাশ হলেও এখনই হাল ছাড়ছেন না আনচেলত্তি নিজেও। তিনি বলেছেন, পরাজয় হতাশাজনক হলেও এটিই শেষ নয়, বরং নতুন করে শুরু করতে হবে। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এখন স্বাভাবিক কাঠামোর মধ্যে থেকেই উন্নতির চেষ্টা করবে ব্রাজিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন