রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

এএফএ প্রধান ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে তদন্তে এফবিআই

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১২:১৯ এএম

এএফএ প্রধান ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে তদন্তে এফবিআই

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কার্যক্রমে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটরদের সমন্বয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই তদন্তের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘমেয়াদি এই তদন্তের রূপরেখা ২০২৫ সালেই তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।বোর্ডের বিরুদ্ধে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

ব্যাংক নথিপত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটি ব্যাংক—সিটি ব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান ও পিএনসি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে। এর মধ্যে ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু নামসর্বস্ব কোম্পানিতে পাঠানো হয়েছে, যার প্রকৃত উৎস ও গন্তব্য অস্পষ্ট। এই জটিল আর্থিক লেনদেনের উৎস খুঁজে বের করাই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য।

তদন্তের প্রথম দিকে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে টানা তিন ঘণ্টা তাকে বিভিন্ন নথিপত্র ও তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তবে এফবিআইয়ের মূল নজর এখন এএফএর বর্তমান সভাপতি ক্লদিও তাপিয়ার দিকে। তার বিরুদ্ধে ওঠা সুনির্দিষ্ট কিছু অভিযোগের সত্যতা যাচাই করতেই এই তৎপরতা চালানো হচ্ছে।

তদন্তের পরিধি এবার আর্জেন্টিনার রাজনৈতিক অঙ্গনেও প্রসারিত হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই সরকারের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার নামও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হয়েছে। অতীতে যারা সরকারিভাবে এএফএর কার্যক্রম তদারকি করেছেন কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র যাদের নিয়ন্ত্রণে ছিল, তাদের সাক্ষ্য নেওয়া হবে বলে জানা গেছে। তবে এই তদন্ত প্রক্রিয়ায় মেসিদের বর্তমান বিশ্বকাপ পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।