জুলাই ১০, ২০২৬, ০৮:১৬ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের হতাশার রেশ কাটতে না কাটতেই আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মন্থর ওভার-রেটের দায়ে পুরো দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় শাস্তির মুখে পড়তে হয়েছে টাইগারদের।নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ দল।
আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট ম্যাচ শেষে এই শাস্তি ঘোষণা করেছেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির মোট ১০ শতাংশ কেটে নেওয়া হবে।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠে পারফরম্যান্সের বিচারেও সিরিজটি ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে ১৪১ রানে প্রতিপক্ষকে আটকে রেখেও ২৫ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতায় ১৩ রানে সিরিজ খুঁইয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
টানা পরাজয়ের পর আইসিসির এই জরিমানা দলের জন্য নতুন এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ের কন্ডিশনে বোলিং আক্রমণে ধারাবাহিকতার অভাব ফুটে উঠেছে পুরো সিরিজেই। ফিল্ডিং ও বোলিংয়ে অতিরিক্ত সময় নেওয়ার অভ্যাস থেকে বের হয়ে আসতে না পারায় মাশুল দিতে হচ্ছে দলকে। তবে সামনের দিনগুলোতে এই ঘাটতি কাটিয়ে ওঠার প্রত্যয় রয়েছে দলের কোচিং প্যানেলের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন