বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মরক্কোর হারে কাঁদলেন নোরা ফাতেহি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১২:২২ এএম

মরক্কোর হারে কাঁদলেন নোরা ফাতেহি

বিশ্বকাপ ফুটবল থেকে নিজের দেশ মরক্কোর বিদায় মেনে নিতে পারেননি বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর পরাজয়ের পর গ্যালারিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তার এই আবেগী মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে আলোচনার সৃষ্টি হয়। স্টেডিয়ামে উপস্থিত অনেক সমর্থক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি এই তারকা।

মরক্কোর এই হার যেন মানতেই পারছিলেন না বলিউড অভিনেত্রী।বোস্টন স্টেডিয়ামে শুরু থেকেই মরক্কোর হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন নোরা। যদিও যানজটের কারণে স্টেডিয়ামে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে, তবে শেষ পর্যন্ত খেলা উপভোগ করার সুযোগ পেয়েছিলেন। এমবাপে-দেম্বেলের গোলে ফ্রান্স যখন এগিয়ে যাচ্ছিল, তখন থেকেই নোরার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। 

ম্যাচ শেষে মরক্কোর সেমিফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলে অঝোরে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে ইনস্টাগ্রামে তিনি তার হার্টব্রেক ইমোজির মাধ্যমে নিজের মন খারাপের কথা জানান।মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনে আলোচনার বিষয়। হাকিমির দলের এই হারে স্বাভাবিকভাবেই তার মন খারাপ ছিল। 

তবে পরাজয়ের পরও মরক্কোর ফুটবলারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন নোরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে ধন্যবাদ জানিয়েছেন এবং দলের জন্য নিজের গর্বের কথা প্রকাশ করেছেন।

শৈশবে নিজেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন নোরা ফাতেহি। বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে শুরু থেকেই মরক্কোর প্রতি তার একাত্মতা ছিল স্পষ্ট। ফিফার মিউজিক ভিডিও এবং উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি ফুটবল উন্মাদনার সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। তবে নিজের দেশ শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে না পারায় তার এই ফুটবলপ্রেম অনেকটা আবেগ আর বিষাদে রূপ নিল।