সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পুরোপুরি ফিট এমবাপ্পে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৮:৫৪ পিএম

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পুরোপুরি ফিট এমবাপ্পে

ছবি - সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ফ্রান্স শিবিরে স্বস্তির খবর। কোয়ার্টার ফাইনালে চোট পেলেও পরবর্তী ম্যাচের আগে পুরোপুরি সুস্থ ও ফিট আছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফরাসি কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন যে, দলের সেরা এই তারকা শতভাগ সুস্থ আছেন।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন এমবাপ্পে। ঝুঁকি না নিতে সেই ম্যাচে তাকে নির্ধারিত সময়ের আগেই মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। চোটের পর তাকে বেঞ্চে বরফ ব্যবহার করতে দেখা গেলেও, কোচ দেশম সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এমবাপ্পে ভালো অনুভব করছেন এবং তিনি এখন শতভাগ ফিট।

চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে আট গোল করেছেন এই ফরোয়ার্ড। গোল্ডেন বুটের দৌড়ে তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। তবে অ্যাসিস্টের সংখ্যায় এমবাপ্পে এগিয়ে। মেসির দুটি অ্যাসিস্টের বিপরীতে এমবাপ্পের অ্যাসিস্ট সংখ্যা তিনটি। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। ১৯৭০ বিশ্বকাপে গার্ড মুলারের ১৩টি গোলের অবদানের পর কোনো এক আসরে এটিই সর্বোচ্চ।

সোমবার এমবাপ্পেকে সীমিত আকারে অনুশীলনে দেখা গেলেও এটি নিয়ে কোনো উদ্বেগ নেই। কোচ জানান, দলের অন্য খেলোয়াড়রা যেখানে ১৫ মিনিট অনুশীলন করেছেন, এমবাপ্পেকে ১০ মিনিট করার অনুমতি দেওয়া হয়েছিল।১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।