রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১২:৩৩ পিএম

আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা

ছবি - সংগৃহীত

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের রাজনৈতিক বার্তা লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঘটনাটি ঘটে গত বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মাঠে উদযাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও বেঞ্চে থাকা জিওভানি লো চেলসো একটি ব্যানার তুলে ধরেন। ব্যানারে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনা’, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

ফিফার মতে, এই ঘটনা স্টেডিয়ামের আচরণবিধি লঙ্ঘন করেছে। তাদের নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামে এমন কোনো বার্তা প্রদর্শন নিষিদ্ধ যা খেলাধুলার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং যার মধ্যে রাজনৈতিক, আদর্শিক বা আপত্তিকর বিষয় থাকতে পারে। ফিফা জানিয়েছে, তাদের স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

ব্যানার প্রদর্শনের এই ঘটনায় ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বা সংশ্লিষ্ট খেলোয়াড়দের জরিমানা করা হতে পারে। সাধারণত রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য ফিফা ৫ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করে থাকে।আর্জেন্টিনার খেলোয়াড় লিসান্দ্রো মার্টিনেজ জানান, তিনি তাৎক্ষণিক আবেগের বশেই এমনটি করেছেন। তবে ঘটনাটি নিয়ে ব্রিটেনের ব্যবসামন্ত্রী পিটার কাইল ফিফার নিয়মের এই গুরুতর লঙ্ঘনের তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতিকে ফুটবল থেকে আলাদা রাখা প্রয়োজন।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই খেলোয়াড়দের এই ব্যানার প্রদর্শনকে ‘সম্পূর্ণ বৈধ’ বলে মন্তব্য করেছেন। তবে তিনি এটিও স্বীকার করেন যে, ফিফা দলটিকে জরিমানা করতে পারে। সেমিফাইনালে বিতর্কিত এই ঘটনার পর আর্জেন্টিনা এখন রোববার স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।উল্লেখ্য, ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ এবং দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যকার দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা এখনো বিদ্যমান। এই ব্যানার প্রদর্শন সেই পুরনো ক্ষতকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।