রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় স্পেনের পক্ষে উল্লাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৫:৪৫ পিএম

গাজায় স্পেনের পক্ষে উল্লাস

ছবি - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচ ঘিরে গাজা উপত্যকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গাজার অনেক মানুষ স্পেনকে সমর্থন করছেন, কারণ তাদের বিশ্বাস ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থানই এই সমর্থনের প্রধান কারণ।৩৩ বছর বয়সী ফিলিস্তিনি আহমেদ আল বোজম জানান, তিনি পুরোপুরি স্পেনের পক্ষে।

এর পেছনে রয়েছে ইসরায়েলের যুদ্ধের সময় ফিলিস্তিন বিষয়ে স্প্যানিশ সরকারের অবস্থান এবং বার্সেলোনার তারকা লামিনে ইয়ামালসহ স্পেনের কয়েকজন ক্রীড়াবিদের প্রকাশ্য সংহতি। মে মাসে লা লিগা জয়ের পর বার্সেলোনার উন্মুক্ত বাস শোভাযাত্রায় ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন, যা গাজার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আহমেদ আল বোজম বলেন, তারা আন্তরিকভাবে স্পেনকে সমর্থন করেন এবং প্রত্যাশা করেন দলটি বিশ্বকাপ জিতবে।

গাজায় খেলা দেখা এখন কঠিন।যুদ্ধের কারণে ইসরায়েলি হামলার মুখে টুর্নামেন্টের ম্যাচ দেখা দিন দিন কঠিন হয়ে উঠেছে। সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি বলেন, বিদ্যুৎ থাকলেই কেবল মানুষ খেলা দেখতে পারে, কিন্তু জ্বালানির সংকট ও অতিরিক্ত দামের কারণে জেনারেটরও চালানো সম্ভব হচ্ছে না। গাজার অনেক স্টেডিয়াম ধ্বংস হয়ে গেছে, আর অনেকগুলোকে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। যুদ্ধের মধ্যেও গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে, যেখানে খেলার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

২০২৪ সালের মে মাসে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছিলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া এবং মানবিক সহায়তা নিশ্চিত করা। গাজার ফুটবল দল গাজা আল ইরাদা-এর প্রধান কোচ হাতেম আল মাগরিবি বলেন, পুরো ফিলিস্তিনি জাতি চায় স্পেন বিশ্বকাপ জিতুক। তিনি মনে করেন, যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাদের দায়িত্ব।

স্পেনকে সমর্থন করলেও আর্জেন্টিনার প্রতি বিদ্বেষ নেই গাজার মানুষের। আল আফিফি বলেন, আর্জেন্টিনা ফুটবলের একটি বড় শক্তি এবং মেসিদের তারা সম্মান করেন। আহমেদ আল-বোজম আশা করছেন, অতিরিক্ত সময়ে স্পেন ৩-১ ব্যবধানে জয়ী হবে।

তথ্যসূত্র: আল জাজিরা