জুলাই ২১, ২০২৬, ০৯:৫৫ এএম
আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। সোমবার ২০ জুলাই দুপুরে মাদ্রিদের বারাজাস বিমান বন্দরে পা রাখেন বিশ্বচ্যাম্পিয়নরা। বিমান থেকে বের হয়েই ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক রদ্রি। এ সময় তার পাশে ছিলেন স্প্যানিশ দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান।বিশ্বজয়ের আনন্দে ভাসছে পুরো স্পেন।
মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ-আলমেইদা জানিয়েছেন, বিশ্বকাপজয়ী এই বীরদের বিশেষ সংবর্ধনা জানাবেন রাজা ষষ্ঠ ফেলিপে। এরপর খোলা ছাদের বিশেষ বাসে চড়ে একটি বর্ণাঢ্য বিজয় প্যারেডে অংশ নেবেন বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলাররা। মনক্লোয়া থেকে শুরু হয়ে এই বিজয় মিছিলটি শেষ হবে দেশটির ঐতিহাসিক কেন্দ্রস্থল সিবেলেস স্কয়ারে। সেখানে স্পেনের জাতীয় দল ও সমর্থকদের নিয়ে এক বিশালাকার বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।
বিশ্বচ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে রাজধানী মাদ্রিদে প্রায় ১০ লাখ সমর্থক জড়ো হবেন বলে আশা করা হচ্ছে। বিশাল এই জনসমাগম নিরাপদে সামাল দিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২ হাজার ৫০ জন পুলিশ সদস্য এবং ৪০০ জন সিভিল গার্ড সদস্য মোতায়েন থাকবে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে এই ট্রফি জেতে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই স্প্যানিশদের বিশ্বজয় নিশ্চিত হয়। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার বিশ্বকাপ জিতেছিল দেশটি। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বফুটবলের সেরা রাজত্ব ফিরিয়ে আনায় উচ্ছ্বাসে মেতেছেন পুরো স্পেনের ফুটবলপ্রেমীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন