রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমএলএসের নতুন নিয়মে শাস্তির হাত থেকে বাঁচলেন মেসি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০১:০৬ পিএম

এমএলএসের নতুন নিয়মে শাস্তির হাত থেকে বাঁচলেন মেসি

ছবি - সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মকানুন ও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আসায় নিশ্চিত এক ম্যাচের স্থগিতাদেশ বা জরিমানার হাত থেকে বেঁচে গেছেন ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি। আসন্ন অল-স্টার প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ না করা সত্ত্বেও নতুন নিয়মের অধীনে কোনো প্রশাসনিক শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না এই আর্জেন্টাইন অধিনায়ককে।

গত মৌসুমে অনুমতি ছাড়া এই প্রদর্শনী ম্যাচ থেকে সরে দাঁড়ানোর কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি।সাম্প্রতিক সময় সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের ধকল সামলে খেলোয়াড়দের পর্যাপ্ত শারীরিক বিশ্রাম নিশ্চিত করতে যৌথ সমঝোতায় পৌঁছেছে এমএলএস কতৃপক্ষ ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফুটবলারদের প্রতিযোগিতায় ফেরার সময়সূচি এবং বিশ্রামের সময় এখন থেকে ক্লাব ও খেলোয়াড়ের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। 

চুক্তিটির আওতায় আনুষ্ঠানিক পূর্বানুমতি নিয়েই অল-স্টার দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মেসি। একই প্রক্রিয়ায় ইন্টার মায়ামির আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও ম্যাচটি থেকে অব্যাহতি পেয়েছেন।আগামী বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে মুখোমুখি হবে এমএলএস অল-স্টার দল। এই বিশেষ ম্যাচে মেসির না খেলা সত্ত্বেও নিয়মমাফিক শাস্তি কার্যকর হচ্ছে না।

টানা তৃতীয়বারের মতো অল-স্টার দলে মনোনীত হয়েও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না রেকর্ড আটবারের ব্যালন ডি‍‍`অর জয়ী এই তারকার। ২০২৪ সালে চোটের কারণে এবং ২০২৫ সালে শৃঙ্খলাভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার জন্য তিনি এই ম্যাচে অনুপস্থিত ছিলেন। মেসিসহ মোট চারজন ফুটবলার জাতীয় ও আন্তর্জাতিক সমঝোতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়ায় চারজন নতুন খেলোয়াড়কে অল-স্টার একাদশে অন্তর্ভুক্ত করেছে আয়োজকেরা।

মেসি না থাকলেও এমএলএস একাদশের প্রধান আকর্ষণ হিসেবে মাঠে নামছেন দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন এবং জার্মানির অভিজ্ঞতা সম্পন্ন থমাস মুলার। অন্যদিকে প্রতিপক্ষ মেক্সিকান লিগা এমএক্স দলের নেতৃত্ব দেবেন কোস্টারিকার অভিজ্ঞ গোলরক্ষক কেইলর নাভাস।