রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ক্রিস্টিয়ানো জুনিয়র একদিন বাবাকেও ছাড়িয়ে যেতে পারে: রোনালদো

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ০৩:৫০ পিএম

ক্রিস্টিয়ানো জুনিয়র একদিন বাবাকেও ছাড়িয়ে যেতে পারে: রোনালদো

ছবি : সংগৃহীত

পাঁচটি ব্যালন ডি’অর এবং অসংখ্য রেকর্ডের মালিক বিশ্ব ফুটবলের অন্যতম সফল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী। আল-নাসরের একাডেমিতে ছেলের অনুশীলন পর্যবেক্ষণ শেষে এক সাক্ষাৎকারে তিনি বিশ্বাস প্রকাশ করেছেন যে ভবিষ্যতে তার এই সন্তান একদিন তাকেও ছাড়িয়ে যেতে পারে। তবে এজন্য কেবল প্রতিভা বা শারীরিক শক্তির চেয়েও সাফল্যের প্রতি অদম্য ক্ষিদে বা ক্ষুধাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে তিনি মনে করেন।

মার্কার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছর বয়সী জুনিয়রের শারীরিক গঠন ও অগ্রগতি বেশ সন্তোষজনক।ছেলের ব্যক্তিত্ব ও স্বভাবের প্রশংসা করে রোনালদো জানান যে সে অত্যন্ত ভদ্র, সৎ এবং শান্ত প্রকৃতির একজন তরুণ। নিজের কৈশোরের সঙ্গে তুলনা করে পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী বলেন যে তিনি যখন সেই বয়সের ছিলেন, তখন এতটা লম্বা বা শক্তিশালী ছিলেন না। বর্তমান যুগে ইউরোপের সেরা একাডেমিগুলো তথা জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পরবর্তীতে সৌদি আরবের আল-নাসরের বয়সভিত্তিক দলে খেলে সে নিজেকে ধীরে ধীরে তৈরি করছে।

ইতিমধ্যে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের হয়েও মাঠে নেমেছে জুনিয়র। কিংবদন্তি বাবার সন্তান হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই তার ওপর প্রত্যাশার চাপ কিছুটা বেশি রয়েছে। তবে রোনালদোর মতে, নিজের সাফল্যের পেছনে প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রম, পেশাদারী শৃঙ্খলা এবং প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতাই প্রধান ভূমিকা রেখেছে। জুনিয়র যদি সেই একই মানসিকতা ধরে রাখতে সক্ষম হয়, তবে সে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পুরোপুরি সফল হবে।ফুটবল বিশ্বের এই নতুন প্রজন্মের খেলোয়াড়কে ঘিরে ভক্ত ও বিশ্লেষকদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।