বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দুই অ্যাথলেট আজীবন নিষিদ্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১১:৫৫ পিএম

লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দুই অ্যাথলেট আজীবন নিষিদ্ধ

ছবি : সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী শরীরে পুরুষ হরমোনের আধিক্য প্রমাণিত হওয়ায় দুই বাংলাদেশি অ্যাথলেটকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে তাদের অর্জিত মোট পনেরোটি পদক ও দুটি নতুন জাতীয় রেকর্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিষিদ্ধ হওয়া অ্যাথলেটরা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম এবং বাংলাদেশ নৌবাহিনীর কবিতা রায়। নিজ নিজ সংস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হয়। গত মে মাসে বোর্ড ফেডারেশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে তাদের শরীরে পুরুষ হরমোনের উপস্থিতি এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে অনেক বেশি টেস্টোস্টেরনের মাত্রা শনাক্ত হয়। জান্নাত বেগমের জ্যাভলিন ও ডিসকাস থ্রোসহ এগারোটি পদক এবং কবিতার চারটি পদক বাতিল করা হয়েছে। বাতিল হওয়া পদকগুলো সংশ্লিষ্ট ইভেন্টে পরবর্তী অবস্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে পুনঃবণ্টন করা হবে।ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।