শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

চলতি মৌসুমই হতে পারে শেষ, অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ১০:৩৭ এএম

চলতি মৌসুমই হতে পারে শেষ, অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

ছবি : সংগৃহীত

দীর্ঘ আড়াই দশকের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি মৌসুমটিই হতে পারে তাঁর ফুটবল জীবনের শেষ বছর। দীর্ঘ ২৫ বছরের এই দীর্ঘ যাত্রার পর পরিবার ও ব্যক্তিজীবনকে বেশি সময় দিতে চান এই তারকা ফুটবলার।

সম্প্রতি জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা বদলে গেছে তাঁর। ফ্যাশন সাময়িকী ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের সম্ভাবনার কথা খোলাখুলি জানান পাঁচবারের ব্যালন ডি‍‍`অরজয়ী এই খেলোয়াড়। তিনি উল্লেখ করেন, ক্যারিয়ারের এই অন্তিম মুহূর্তে এসে তিনি একটি চমৎকার উত্তরাধিকার রেখে যেতে চান।

ফুটবল-পরবর্তী জীবন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে রোনালদো বলেন, খেলাধুলা ছেড়ে দেওয়ার পর হঠাৎ তৈরি হতে পারে এমন শূন্যতা এড়াতে তিনি নিজেকে নানা কাজে ব্যস্ত রাখতে চান। সময় কাটানোর জন্য তাঁর পরিকল্পনা পুরোপুরি সাজানো রয়েছে বলে জানান তিনি। ফুটবল না থাকার পরের সময়টাতে ভ্রমণ করা, প্যাডেল টেনিস খেলা এবং পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের জার্সিতে খেলছেন রোনালদো। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি রয়েছে। তবে তার আগেই অবসরের সিদ্ধান্ত নিলে চলতি মৌসুমেই তাঁকে শেষবারের মতো মাঠে দেখা যেতে পারে। ফুটবল ছাড়ার আগে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ২৪ গোল। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও সম্প্রতি নিজের অবসর নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন।