আগস্ট ৩০, ২০২৬, ১০:২১ পিএম
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তের ফলে খেলোয়াড়দের যে আর্থিক ক্ষতি হতে পারে, তার প্রতিকার ও বিকল্প নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্রিকেটাররা। রোববার দুপুরে অনুষ্ঠিত এই উচ্চপর্যায় বৈঠক শেষে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হন অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন।
বৈঠক শেষে নাসির জানান, বিসিবি কেন এই আসর আয়োজন করতে পারছে না, তার একটি সুন্দর ও যৌক্তিক ব্যাখ্যা তারা বোর্ডের পক্ষ থেকে পেয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসির বলেন, ক্রিকেট বোর্ড সব সময় খেলোয়াড়দের পাশে ছিল এবং এখনো আছে। বিপিএল না হওয়ার পেছনের কারণগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বোর্ড তাদের বর্তমান পরিস্থিতি বুঝিয়ে বলেছে।
তবে বিপিএলের বিকল্প হিসেবে অন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় কি না, সে বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট কোন টুর্নামেন্ট বা ফরম্যাটে খেলা হবে, তা পরবর্তী দাপ্তরিক বৈঠকে চূড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন। বোর্ডের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে নাসির বলেন, বিসিবি দীর্ঘমেয়াদি চিন্তা করেই খেলোয়াড়দের কল্যাণে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।
খেলোয়াড়দের আর্থিক ক্ষতির বিষয়টি বোর্ডের নজরে আনা হয়েছে এবং উভয় পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বর্তমান সিদ্ধান্তগুলো চূড়ান্ত না হলেও আগামীতে আরেকটি বৈঠকের মাধ্যমে সবকিছু পরিষ্কার হবে বলে জানান তিনি। বোর্ডের এই সদিচ্ছা ক্রিকেটারদের ভবিষ্যৎ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই ক্রিকেটার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন