সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৫:৪৯ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা প্রকাশ করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে নিজের এই বার্তায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সুনির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ করেননি তিনি। ফলে তিনি ঠিক কাকে বা কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বার্তাটিতে এক গভীর হতাশা ফুটে উঠেছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে মোহাম্মদ মিঠুন লেখেন, অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি, ভাবছিলাম মানুষ চোখ খুলবে, পরে বুঝলাম এখানে চশমার অভাব নেই, অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের।
দেশের ক্রিকেটারদের স্বার্থরক্ষা, বিভিন্ন সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার আদায়ে কোয়াবের সাম্প্রতিক তৎপরতার মধ্যেই সভাপতি হিসেবে মিঠুনের এমন মন্তব্য সামনে এসেছে। দায়িত্বশীল পদে থেকে তার এই রূপকধর্মী অভিব্যক্তি সাধারণ ক্রীড়ামোদী ও ক্রিকেটারদের মধ্যে নানা আলোচনার খোরাক জুগিয়েছে।
বর্তমানে দেশের ক্রিকেটাঙ্গনে খেলোয়াড়দের বিভিন্ন দাবি-দাওয়া ও ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে নানামুখী বিতর্ক অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন