বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,
এশিয়ান গেমস প্রস্তুতি

সাইফের ফিফটিতে প্রস্তুতি ম্যাচে টিম এ জয়ী

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৫:২৭ পিএম

সাইফের ফিফটিতে প্রস্তুতি ম্যাচে টিম এ জয়ী

এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল টাইগারদের দুটি দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে ওপেনার সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে টিম বি-কে ১১ রানে পরাজিত করেছে টিম এ।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম এ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে টিম এ। উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান উইকেটে এসে ঝড় তোলেন এবং মাত্র ৫২ বলে ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৭ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দিয়ে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। তবে আগের প্রস্তুতি ম্যাচে রান না পাওয়া অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস এদিনও ছিলেন পুরোপুরি ব্যর্থ। তিন বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। আগের ম্যাচে ঝড় তোলা সৌম্য সরকারও রান করতে পারেননি।

শেষদিকে পারভেজ হোসেন ইমনের ২৩ বলে ২৪ রান এবং শেখ মেহেদী হাসানের ১১ বলে অপরাজিত ১০ রানের ক্যামিও ইনিংসে ভর করে দলটির সংগ্রহ ১৬৬ রানে পৌঁছায়। টিম বি-এর পক্ষে নিয়ন্ত্রিত বোলিং করে ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন রিপন মন্ডল। এ ছাড়া ইকবাল হোসেন এবং সামিউন বাশির ১টি করে উইকেট লাভ করেন।

১৬৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল টিম বি। দলের পক্ষে ওপেনার নাঈম শেখ ৩৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন। মিডল অর্ডারে মোসাদ্দেক হোসেন সৈকত বিধ্বংসী ব্যাটিং করে জয়ের আশা জাগিয়ে তোলেন। তিনি মাত্র ২২ বলে ১টি চার ও ৫টি ছক্কার সৌজন্যে সর্বোচ্চ ৪৬ রানের এক ঝলমলে ইনিংস খেলেন। এরপর নুরুল হাসান সোহান ২০ বলে ২৯ রান করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্য স্পর্শ করতে পারেনি দলটি।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানেই থেমে যায় তাদের ইনিংস। টিম এ-এর বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ৩ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাকে দারুণ সহায়তা দিয়ে লেগ-স্পিনার রিশাদ হোসেন ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট দখল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখেন।