আগস্ট ৩০, ২০২৫, ০৬:২৮ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে বড় একটি পদক্ষেপ নিতে চাইছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পুনরায় মহেন্দ্র সিং ধোনিকে দলের সঙ্গে যুক্ত করতে চায়। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিক ব্লগার’ জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে মেন্টর হিসেবে দলে চাইছে বিসিসিআই।
প্রতিবেদনে বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে লেখা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেটের মেন্টর হিসেবে ধোনিকে আবারও প্রস্তাব দেওয়া হয়েছে।’ ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
এবার আগের চেয়ে আরও বড় পরিসরে ৪৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে মেন্টরের দায়িত্ব দিতে চায় ভারত। শুধু জাতীয় দলেই নয়, সিনিয়র, জুনিয়র এবং নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও তাকে এই পদে রাখতে চায় তারা।
আইপিএলে এখনও খেলা ধোনি আবারও মেন্টর হবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শুরু হতে যদিও এখনও ৫ মাস বাকি রয়েছে। তবে ওই সূত্র জানিয়েছে, নতুন কোচ গৌতম গম্ভীর এতে আগ্রহ নাও প্রকাশ করতে পারেন। কারণ একসঙ্গে খেলার সময় দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও গম্ভীর বিভিন্ন সময় এসব গুঞ্জনকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন ধোনি মেন্টর হন, তখন দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন