সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার ক্রিস ওকসের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:১৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার ক্রিস ওকসের

ছবি - সংগৃহীত

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান।ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কির মন্তব্য করার পরই ওকসের বিদায় নিশ্চিত হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজের দল ঘোষণার সময় রব কি জানিয়েছিলেন, ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় আর নেই ওকস। কির এই মন্তব্যের এক সপ্তাহ পরই ৩৬ বছর বয়সী এই পেসার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

ওকস ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তিনি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান।

ফরম্যাট ম্যাচ সংখ্যা উইকেট রান (সেঞ্চুরি/ফিফটি)
টেস্ট ৬২ ১৯২টি ২০৩৪ রান (১ সেঞ্চুরি, ৭ ফিফটি)
ওয়ানডে ১২২ ১৭২টি ১৫২৪ রান
টি-টোয়েন্টি ৩৩ ৩১টি ১৪৭ রান

তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।বিদায় প্রসঙ্গে ওকস লিখেছেন, "মুহূর্তটা এসেছে। সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার এটাই সঠিক সময়। শৈশবে যখন বাগানবাড়িতে খেলতাম তখন থেকেই ইংল্যান্ডের হয়ে খেলা স্বপ্ন ছিল। আমি সৌভাগ্যবান যে স্বপ্ন পূরণ করেছি।"

তাঁর সর্বশেষ ম্যাচ ছিল গত আগস্টে ভারতের বিপক্ষে ওভাল টেস্ট। ঐ ম্যাচে কাঁধে চোট থাকা সত্ত্বেও তিনি এক হাতে ব্যান্ডেজ নিয়ে ব্যাট হাতে মাঠে নেমে ভক্তদের হৃদয় জয় করেছিলেন।