অক্টোবর ৫, ২০২৫, ০৪:২৮ পিএম
ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেট মাঠে অব্যাহত রয়েছে। ছেলেদের এশিয়া কাপের পর এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়কদের মধ্যে করমর্দনের দৃশ্য দেখা গেল না। রোববার (৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোয় নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর এবং পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে হাত মেলাননি।
সম্প্রতি শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও কোনোবারই দুই দলের অধিনায়করা হাত মেলাননি। এমনকি ম্যাচের শেষে দলগতভাবে হাত মেলানোর প্রথাও অনুসরণ করা হয়নি। সেই একই ধারা নারী ক্রিকেটেও বজায় থাকবে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি এক বিবৃতিতে জানিয়েছিলেন, শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে তাদের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি।
দুই দেশের নারী ক্রিকেট দলের পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে। এর আগে সাদা বলের ক্রিকেটে দুই দল মোট ২৭ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারতের জয় ২৪টিতে এবং পাকিস্তানের জয় মাত্র ৩টিতে। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে খেলা ১১টি ম্যাচের সবকটিতেই জিতেছে ভারত।
এদিকে, আজকের ম্যাচ নিয়ে পাকিস্তানের প্রধান চিন্তা তাদের ব্যাটিং বিভাগ, যা প্রথম ম্যাচে দলকে ভুগিয়েছে। অন্যদিকে, কলম্বোর মাঠে অনেকদিন পর খেলতে নামায় ভারতের জন্য পরিস্থিতি কিছুটা নতুন হতে পারে। তবে পাকিস্তানের জন্য একই মাঠে পরপর ম্যাচ খেলা কিছুটা সুবিধা বয়ে আনতে পারে। মাঠের বাইরের উত্তাপ ছাপিয়ে এখন দেখার বিষয়, মাঠের খেলায় কোন দল শেষ হাসি হাসে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন